বাবা-মা অফিসে কাজে ব্যস্ত, তেলাপোকার ওষুধ খেল দুই শিশু
বাবা-মা ছিলেন কর্মস্থলে কাজ নিয়ে ব্যস্ত। আর এই ফাঁকে চিনি ভেবে তেলাপোকা মারার ওষুধ খেলো দুই ছোট্ট শিশু। আর এতেই ঘটলো সর্বনাশ।
তেলাপোকা মারার বিষ খেয়ে জুনায়েদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই জুবায়ের (৫) হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সুরাবাড়ির নাভানা এলাকায়।
.png)
জানা গেছে, জুনায়েদ ও জুবায়ের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব শিবরামপুর গ্রামের পোশাকশ্রমিক দম্পতি রফিক মিয়া ও মিলি বেগমের সন্তান। তারা কাশিমপুরের সুরাবাড়ির নাভানা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার দিদারুল ইসলাম বলেন, সকালে জুবায়ের ও জুনায়েদকে বাসায় তাদের নানির কাছে রেখে কর্মস্থলে যান বাবা-মা। সকাল ১০টার দিকে রফিক বাসায় এলে জুবায়ের ও জুনায়েদ দৌড়ে বাবার কাছে যায়। এ সময় তাদের মুখ দিয়ে লালা বের হতে দেখে জিজ্ঞাসা করলে বাবাকে জানায় চিনি খেয়েছে। পরে সন্তানদের অবস্থার অবনতি দেখে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা উন্নতির দিকে।
বাবা-মায়ের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, রান্নাঘরের একটি পাত্রে তেলাপোকা মারার ওষুধ ছিল। দেখতে চিনির মতো হওয়ায় জুবায়ের ও জুনায়েদ খেয়ে ফেলে। এতে অসুস্থ হয়ে ঘটনাটি ঘটেছে।