ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: আহতদের চিকিৎসা সহায়তা দেবে সরকার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ৪ মার্চ ২০২৩
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: আহতদের চিকিৎসা সহায়তা দেবে সরকার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি দেওয়া হয়েছে চিকিৎসা সহায়তার ঘোষণাও।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাও থাকবেন।

এদিকে, আহতদের চিকিৎসার খবর নিতে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম। 

Advertisement

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আহতদের চিকিৎসার সব খরচ ও ওষুধ দেওয়া হবে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন আরো অন্তত ৩০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সীতাকুণ্ডের ফৌজদারহাট বাংলাবাজার এলাকার বাসিন্দা ফরিদ ও কদমরসুল এলাকার শামসুল আলম।

আহতদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. নূর হোসেন, মো. আরাফাত, মোতালেব, ফেনসি, মো. জসিম উদ্দিন, নারায়ণ, মো. ফোরকান, শাহরিয়ার, মো. জাহিদ হাসান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!