সোমবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।
গ্রেফতাররা হলেন- জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও তেঘরবিশা গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে লিমন হোসেন মিন্টু (৩৩)।
.png)
পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল জব্বার গত ১৬ মার্চ পত্নীতলা উপজেলার নজিপুর ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মহাদেবপুর-মাতাজি সড়কের বেলট গ্রামের মোড়ে দুটি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরিহিত অজ্ঞাত চার যুবক আব্দুল জব্বারের চোখমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে ১৩ লাখ ৯০ হাজার টাকা ও তার কাছে থাকা আরো ২০ হাজার টাকাসহ মোট ১৪ লাখ ১০ হাজার টাকা নিয়ে সটকে পড়েন। পরদিন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল জব্বার মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন।
ছিনতাইকারীদের ধরতে একটি টিম গঠন করা হয়। গত ১৮ মার্চ রাত থেকে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম এবং তার দেওয়া তথ্যমতে লিমন হোসেনকে গ্রেফতার করা হয়। আসামিদের সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, থানার ওসি মোজাফ্ফর হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।