গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নারীসহ আহত ২০
গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- দিগন্ত পরিবহনের চালক বাদল মিয়া, সুপারভাইজার দিলীপ দাস, মেহরাব পরিবহনের চালক চাঁন মিয়া, যাত্রী সুনীল রায়, শিল্পী মণ্ডল, তারা মনি তালুকদার, শোভা ওঝা, দুলাল মধু ও শিল্পী রানী বিশ্বাস। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মো. অরিফুল হক জানান, মেহরাব পরিবহনের একটি যাত্রীবাহী পয়সারহাট থেকে ছেড়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় কুয়াশাচ্ছন্ন থাকায় বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
.png)
এতে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। এ সময় দুমড়ে-মুচড়ে যায় দুটি বাসের সামনের অংশ। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।