বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ সেবার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার। হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ সেবার কার্যক্রম চলবে। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, আবাসিক চিকিৎসক ডা. মৌমিতা জলিল জুলি, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ অন্যান্য চিকিৎসক ও সেবিকারা উপস্থিত ছিলেন। এর আগে, কেন্দ্রীয়ভাবে ভিডিও কনফারেন্সের মধ্যমে এ সেবা উদ্বোধন হয়।
জানা যায়, চেম্বারে ডিউটিতে একজন অধ্যাপকের ফি ৫০০ টাকা, সহযোগী অধ্যাপকের ফি ৪০০ টাকা, সহকারী অধ্যাপকের ফি ৩০০ টাকা এবং এমবিবিএস/বিডিএস ও সমমানের চিকিৎসকদের ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
.png)
রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজশাহী বিভাগের মধ্যে একটি জেলা হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদান শুরু হয়েছে। এরমধ্যে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এমনকি ভবিষ্যতে অপারেশন ব্যবস্থাও চালু করা হবে। সপ্তাহে ছয়দিন এ সেবা চালু থাকবে।