এবার মাদারীপুরে শিশু-কিশোরছাড়াও যুবক, বৃদ্ধসহ নানান বয়সের ২৫ জন মানুষ টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেয়েছেন। তাদের নামাজের প্রতি উৎসাহিত করতে এ পুরস্কার ঘোষণা দিয়েছিলেন জেলার মাহমুদুল হাসান নামের এক ব্যবসায়ী।
শুক্রবার (৭ এপ্রিল) জুমার নামাজ শেষে সুপার শপের মালিক মাহমুদুল হাসানের উদ্যোগে সদর উপজেলা ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার বাইতুন নূর জামে মসজিদে এ আয়োজন করা হয়।
.png)
জানা যায়- ব্যবসায়ী মাহমুদুল হাসান ঘোষণা দিয়েছিলেন, সব বয়সের মানুষ যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে পারে, তাহলে তাদেরকে একটি করে কাচের ডিনার সেট ও কাচের প্লেট পুরস্কার দেওয়া হবে।
এতে উৎসাহিত হয়ে এলাকার অনেকই নিয়মিত নামাজ পড়া শুরু করেন। টানা ৪০ দিন পর শুক্রবার নিয়মিত জামাতে নামাজ পড়ে এমন ২৫ জনের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার পান বাইতুন নূর জামে মসজিদের ইমাম সাহেব আবুল বাশার। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মসজিদের সভাপতি সোহরাব হাওলাদার।
মাহমুদুল হাসান বলেন, ঘোষণার পর থেকে প্রায় শতাধিক নানান বয়সের লোকজন মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া শুরু করেন। তারা ঠিকমতো নামাজ পড়ছেন কিনা তা হিসার রাখার জন্য প্রতি ওয়াক্ত নামাজের পর তাদের নাম ডাকা হত। যদি কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকতেন তখন তার গণনায় লাল চিহ্ন ব্যবহার করা হত। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ বাইতুন নূর জামে মসজিদের ইমামসহ ২৫ জন বিজয়ী হন।