মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
গাজীপুরের কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী (২১) এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার অভিযোগে মাসুদুর রহমান হৃদয় (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওইদিন দিবাগত রাতে অভিযুক্ত হৃদয়কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
.png)
এদিকে, ভুক্তভোগী প্রতিবন্ধী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত হৃদয়কে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার উখিং মে।
অভিযুক্ত মাসুদুর রহমান হৃদয় কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের ফুলু বাগমারের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী একই উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের বাসিন্দা।
অতিরিক্তি পুলিশ সুপার উখিং মে বলেন, প্রতিবন্ধী ওই নারীর বাবা থানায় মামলা করেন। পরে সেই মামলায় অভিযুক্তকে থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হৃদয় ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
মামলার বাদী বলেন, গেল ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে আমার মানসিক প্রতিবন্ধী মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হন। পরে খোঁজাখুজির একপর্যায় পরদিন সকাল ৬টার দিকে বিবস্ত্র অবস্থায় শিবপুর গ্রামের জনৈক মনিরের বাড়ির সামনে খুঁজে পাই। পরে মেয়েকে বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। সে জানায়, ওই গ্রামের বড় খালেরপাড় এলাকায় তাকে একা পেয়ে হৃদয় তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগীর বাবা আরো বলেন, ধর্ষণের ফলে আমার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তার সঙ্গে আর কি কি হয়েছিল সে বলতে পারে না। এ ব্যাপারে এলাকায় দীর্ঘ সময় আশায় থেকে কোনো সমাধান না পেয়ে পরে থানায় মামলা করি।