নারায়ণগঞ্জের রূপগঞ্জ ক্রাইম জোন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে৷
.png)
জানা যায়, মাদক ব্যবসায়ী শাহাবউদ্দিন ও শমসের তাদের বাহিনী নিয়ে আরেক মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাহিনীর সঙ্গে কয়েক দফায় সংঘর্ষে জড়ায়৷
এ ঘটনায় সানি (১৭), সম্রাট পারভেজ (২১) ও রোমান (১৮) নামে ৩ জন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
চনপাড়ার স্থানীয় বাসিন্দারা বলছেন, গুলিবিদ্ধ ৩ জনেই জয়নালের সহযোগী। জয়নাল একটি হত্যা মামলায় গত বছরের জুনে গ্রেফতার হয়েছিলেন৷ সম্প্রতি জামিনে জেল থেকে বের হয়ে বাহিনী নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন৷
বিষয়টি নিয়ে চনপাড়ার স্থানীয় ৪ জন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার ইফতারের পর জয়নাল গ্রুপ এবং শমসের ও শাহাবউদ্দিন গ্রুপের মধ্যে মারামারি হয়৷ এর পর গভীর রাত পর্যন্ত কয়েক দফায় তাদের মধ্যে সংঘর্ষ চলে৷ এ সময় উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও গুলতি নিয়ে সংঘর্ষে জড়ায়৷ ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে৷ সকালে আরেক দফায় সংঘর্ষ হয় তাদের মধ্যে৷
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, চনপাড়ার মাদক ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন ইউপি সদস্য বজলুর রহমান৷ গত ৩১ মার্চ কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান তিনি৷ তার মৃত্যুর পর চনপাড়ার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় আছেন অন্য মাদক ব্যবসায়ীরা৷ এরই ধারাবাহিকতায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে আছেন৷
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, জয়নাল আবেদীন হত্যা মামলায় গ্রেফতার ছিলেন৷ দেড় মাস আগে তিনি জামিনে ছাড়া পান৷ এতদিন এলাকায় আসেনি৷ এলাকায় আসার পরপরই তার বাহিনী নিয়ে শমসের ও শাহাবউদ্দিন গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ান৷
তিনি আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিক থেকেই উত্তেজনা ছিল৷ পরে রাত ২টার দিকে তারা সংঘর্ষে জড়ান৷ উভয়পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন৷ ৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানতে পেরেছি৷ বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।