ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে শ্রম আদালতের কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৩ এপ্রিল ২০২৩
নারায়ণগঞ্জে শ্রম আদালতের কার্যক্রম শুরু
ফাইল ছবি

শ্রমিকঅধ্যুষিত এলাকা যা প্রাচ্যের ড্যান্ডি-খ্যাত সেই নারায়ণগঞ্জে দীর্ঘদিন পর হলেও শুরু হয়েছে শ্রম আদালতের কার্যক্রম। সোমবার দুপুরে এ আদালতের কার্যক্রম শুরু হয় ১২টি মামলার মাধ্যমে।

নারায়ণগঞ্জের আজমেরীবাগ এলাকার ট্যাক্সেসবার অ্যাসোসিয়েশন সংলগ্ন শাহজাদা ভবনে স্থাপিত এ আদালতে নিয়মিত চলবে কার্যক্রম।

কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ এই চার জেলা নিয়ে বিচার কার্যক্রম চলবে। চার জেলার বিচার প্রার্থী শ্রমিক ও মালিক এখানে এসে মামলার কার্যক্রমে অংশ নেবেন।

Advertisement

১২টি মামলার শুরুতে মামলার ফাইলিং করা বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল আদালতের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান তথা জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করবেন কিরণ শংকর হালদার।  

অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল বলেন, নারায়ণগঞ্জে প্রচুর শ্রমিক ও ব্যাপক শিল্প প্রতিষ্ঠান। এ নিয়ে অনেক মামলা আমাদের ঢাকায় গিয়ে সমাধান করতে কার্যক্রমে অংশ নিতে হয়। এখন থেকে সে সমস্যার সমাধান হলো। এটি আমাদের ১৫ বছর আগের দাবি ছিল, যা আজ বাস্তবায়ন হলো। 

এদিন বিচার কার্যক্রমে অংশ নেন, অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা, অ্যাডভোকেট ইখতিয়ার হাবিব সাগর, অ্যাডভোকেট এম. এ আউয়াল রিন্টু প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!