শুক্রবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ সংর্ঘষের ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের ইকবালের চৌকিদারের ছেলে অটোরিকশা চালক আকাশের অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের ধরন্তী মূলবর্গ গ্রামের সাবেক মেম্বার হুমায়ুন মিয়ার ছেলে তোফাজ্জলের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে হাতাহাতি হয়।
.png)
এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে তোফাজ্জলের লোকজন কালিকচ্ছ বাজারে এসে আবারো অটোরিকশাচালক আকাশের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় আকাশ।
এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর কালিকচ্ছ বাজারে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংর্ঘষে জড়িয়ে পড়ে। এ সময় কালিকচ্ছ বাজারের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর হয়।
পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার সেল এবং শর্ট গানের গুলি নিক্ষেপ করে। এ সময় ফয়সাল আহমেদ নামে এক যুবক নিহত হয়। আহত হয় আরো অন্তত ২৫ জন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর চৌধুরী জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে এসে ঘটনার খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, সংঘর্ষ চলাকালে অসংখ্য ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল এর স্প্রিন্টারে হয়তো সে মারা গেছে।