বান্ধবীকে ২ বন্ধুর প্রেম নিবেদন, প্রাণ গেল একজনের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেহেদি হাসান সজীব (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেম সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শনিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ওই স্কুলছাত্র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালিপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে উপজেলার বলাইখা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
.png)
জানা গেছে, উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মেহেদি হাসান সজীব। একই শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদন করে আসছে মেহেদি হাসান সজীব ও একই ক্লাসের সাকিব হাসান নামের আরেকজন। ওই ছাত্রীকে পছন্দ করা নিয়ে ওই দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
শনিবার দুপুরে স্কুলেরই কয়েকজন শিক্ষার্থী মেহেদিকে স্কুলের ভেতর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। এর পর তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেহেদি হাসান সজীব ও সাকিব হাসান ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মেহেদী হাসান সজীবকে ছুরিকাঘাত করে এবং কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রিপতি, অনিক, শিমুল নামের আরো তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান- আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মায়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।