মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। এর আগে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এলাকায় ব্যানার টানিয়ে ও মাইকিং করে এসব মার্কেটগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, যেসব মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে- নগরীর আরডিএ মার্কেট, সাহেববাজার কাপড়পট্টি, সোনাদীঘি মোড়স্থ সমবায় মার্কেট ও নগরীর সুলতানাবাদ নিউ মার্কেট।
.png)
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর থেকে টানানো ব্যানার চারটিতে লেখা ছিল ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহীর এ মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, নগরীতে তীব্র তাপমাত্রা বিরাজ করছে। সচেতন না হলে যেকোনো মুহূর্তে অগ্নিকাণ্ড ঘটতে পারে। আর নগরীর আরডি মার্কেট, কাপড়পট্টি, সমবায় মার্কেট ও নিউ মার্কেটে তেমন কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। আমরা এ বিষয়ে বার বার চিঠি দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আরডিএ মাকের্টের আশপাশে কোনো পুকুরও নেই। ফলে অগ্নিকাণ্ড ঘটলে পানির অভাবে আগুন নেভাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তবে আমরা ওয়াসার সঙ্গে কথা বলেছি তারা পানি আমাদের সরবারহ করতে চেয়েছেন। তবে তা পর্যাপ্ত পরিমাণ হবে বলে মনে হয় না।
তিনি আরো বলেন, মার্কেট চারটির সিঁড়িতেও মালামাল রাখা হয়। ফলে আগুনের ঘটনা ঘটলে মানুষ সহজে নামতেও পারবে না। আর আরডিএ মাকের্টের ভেতরে এলোমেলোভাবে বৈদ্যুতিক তার রয়েছে। ফলে সহজেই আগুনের ঘটনা ঘটতে পারে। এসব কারণে মার্কেট চারটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।