বুধবার বিকেলে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব ঈদ উপহার প্রবীণদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি মো. শাহগীর আলম। এছাড়াও হতদরিদ্র ১৩টি পরিবারকে স্বাবলম্বী করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক ড. মাহবুবুর রহমান এমিল। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এসআরএম ওসমান গনি সজীব, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম প্রমুখ।
.png)
মাহবুবুর রহমান এমিল জানান, ‘বাউনবাইরার কতা’ ফেসবুক ভিত্তিক একটি সংগঠন। ২০১৩ সালে ফেসবুক গ্রুপ চালু হয়ে এখন ১ লাখ ৯ হাজার সদস্য রয়েছে। ঈদ উপলক্ষে ২০০ জন প্রবীণের মধ্যে ৭০ জন পুরুষকে লুঙ্গি ও ১৩০ জন মহিলাকে শাড়ি ও ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেককে ২ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি ও ৭৫০ গ্রাম দুধের প্যাকেট দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে হতদরিদ্র ১৩টি পরিবারকে স্বাবলম্বী করতে ১টি পরিবারকে মক্তব, ১টি পরিবারকে ঘর ও ছাগল প্রদান, ১টি পরিবারকে রান্নাঘর, ঘর মেরামত ও বাথরুম তৈরি করা, ২টি পরিবারকে টিউবওয়েল, ৭টি পরিবারকে ছাগল প্রদান ও ১টি পরিবারকে পোল্ট্রিফার্ম করে দেওয়া হয়েছে।
ডিসি মো. শাহগীর আলম বলেন, এই সংগঠনটি সমাজের গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সারা বছর ধরেই বিভিন্ন কাজ করে থাকে সংগঠনটি। জেলা প্রশাসন সব সময় ভালো কাজের পাশে থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘বাউনবাইরার কতা’ সংগঠনের সদস্য ও আবৃত্তি শিল্পী মো. মাহাবুব উল আলম।