ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পূর্ব শত্রুতার জেরে চাচা-ভাতিজা খুন, আটক ৪

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ২৫ এপ্রিল ২০২৩
পূর্ব শত্রুতার জেরে চাচা-ভাতিজা খুন, আটক ৪
রাজাপুর থানা- ফাইল ফটো

ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেনকে কুপিয়ে হত‌্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সোমবার রাতে রাজাপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- খুলনা রেলগেট এলাকার ইমনের ছেলে মো. আসাদ, ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাটা এলাকার দলিল উদ্দিনের ছেলে শাহজাহান, সত্তারের ছেলে মিজান এবং খাদেমের ছেলে সজল।

এর আগে, একইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- জগইরহাট এলাকার মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুর রব হাওলাদার এবং আব্দুর রব হাওলাদারের বড় ভাই হোসেন হাওলাদারের ছেলে বেলায়েত হোসেন। 

এ ঘটনায় নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় হত‌্যা মামলা দায়ের করেছেন। মামলায় আটককৃত চারজনসহ আরো কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

জানা যায়, জগইরহাট এলাকার খাদেম হোসেনের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদারের। তাদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাদেম হোসেন ও আব্দুর রব হাওলাদারের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে খাদেম হোসেনের লোকজন আব্দুর রব হাওলাদার এবং তার ভাইয়ের ছেলে বেলায়েত হোসেন কুপিয়ে ফেলে রেখে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার রাজাপুর হাসপাতালে নিলে গেকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনার পর রাতে পালিয়ে যাওয়ার সময় উপজেলার মোল্লারহাট এলাকা থেকে একজনকে, নারিকেল বাড়িয়া ক্লাব এলাকা থেকে দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। এছাড়া আরেকজনকে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন বাদী হয়ে হত‌্যা মামলা দায়ের করেছেন।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ চারজনকে আটক করেছে। তাদের মধ্যে তিনজন হহত্যাকাণ্ডে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!