ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬, ২৭ এপ্রিল ২০২৩
দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’
জমে উঠেছে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে তিন দিনব্যাপী শুরু হয়েছে ‘জামাই মেলা’। রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। একদিকে ঈদের আনন্দ অপরদিকে মেলাকে কেন্দ্র করে স্কুল মাঠে ঢল নেমেছে মানুষের। এ মেলাকে কেন্দ্র করে এলাকায় বইছে উৎসবের আমেজ। 

স্থানীয়রা জানান, প্রতিবছর ১১, ১২ ও ১৩ বৈশাখ (সনাতন পঞ্জিকা অনুসারে) রসুলপুরে মেলা বসে। এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের অন্তত ৩০ গ্রামের জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। তারাই মেলার মূল আকর্ষণ। আর মেলায় জমায়েত হন ৩০ গ্রামের জামাইরা। এছাড়া মেলার দিন শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে সামর্থ্য অনুসারে টাকা দেন। সেই টাকা দিয়ে জামাই বাজার করে এনে শ্বশুরবাড়ির লোকদের খাওয়ান। এ কারণেই মেলাটি ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত। তিন দিনে রসুলপুরসহ আশপাশের গ্রামের লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই মেলায়।

মেলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, খাবারের দোকানসহ ছোট-বড় দেড় শতাধিক দোকান বসেছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন দোকানিরা। মিষ্টি জাতীয় পণ্যের দোকানও আছে। এছাড়া এ মেলায় একাধিক ফার্নিচারের দোকানও বসেছে। বড়দের পাশাপাশি ছোট ছেলে-মেয়েরাও মেলাটি উপভোগ করছে। 

Advertisement

মেলায় ঘুরতে আসা জামাই সুকুমার সাহা ও প্রদীপ সাহা বলেন, প্রতি বছরই আমরা শ্বশুরবাড়ি থেকে মেলায় আসার দাওয়াত পাই। এই মেলা আমাদের কাছে খুবই আকর্ষণীয়। মেলাকে কেন্দ্র করে অনেক আত্মীয়ের সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে ভাব বিনিময় হয়। সব মিলিয়ে আমরা মেলার দিন আনন্দে মেতে উঠি। এই মেলাটি জামাই মেলা নামেই পরিচিত। 

রসুলপুরের শিল্পী ও রতনসহ একাধিক ক্রেতা বলেন, প্রতিবছরই আমরা এ মেলায় আসি। ভীষণ আনন্দ পাই মেলায় ঘুরে। 

হারেজ মিয়া নামে এক প্রবীণ বলেন, আমরা যখন ছোট ছিলাম, তখনও দাদার কাছে এই মেলার কথা শুনেছি। বাড়ির মেয়ের জামাইরা মেলাকে কেন্দ্র করে বাড়ি আসায় ও মহাসড়কের পাশে হওয়ায় মেলাটি প্রতিবছর জমে ওঠে। এটি জেলার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী বড় একটি মেলা।

 ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

পার্শ্ববর্তী বড় বাসালিয়া গ্রামের আকড়ি ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, আমি রডমিস্ত্রির কাজ করি। মেলা আসলে একটু বাড়তি লাভের আশায় কয়েক বছর যাবত আকড়ি বিক্রি করি। বর্তমানে ১৬০-১৭০ টাকা দরে আকড়ি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ব্যবসা ভালোই হচ্ছে। 

রসুলপুরের বাসিন্দা কথা সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রহমান বলেন, জামাই মেলার বয়স দেড়শ’ বছরের মতো হবে। এ এলাকার মানুষের কাছে ঈদ বা পূজাপার্বণের মতোই এই মেলা উৎসবের। মেলাটি বৈশাখী মেলা হিসেবে ব্রিটিশ আমলে শুরু হলেও এখন এটি জামাই মেলা হিসেবে পরিচিত। 

মেলার আয়োজক কমিটির আহ্বায়ক আবুল হাসেম জানান, মেলায় দুই শতাধিক দোকান বসেছে। এই মেলায় মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে বেশি বিক্রি হয়। মেলায় খাবার আইটেম, খেলনাসহ বিভিন্ন ফার্নিচারও পাওয়া যায়।

তিনি আরো জানান, মেলায় দুই শতাধিক দোকান বসেছে। মেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রসুলপুরসহ আশপাশের গ্রামের যুবকদের নিয়ে কাজ করছে স্বেচ্ছাসেবক দল। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!