ছেলের হাতে মা খুন, মামার মামলায় আসামি ভাগনে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
শনিবার দুপুর পর্যন্ত অভিযুক্ত ছেলে মমিনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগে শুক্রবার দিবাগত রাতে থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই মোকশেদুর রহমান।
নিহতের নাম কাজলী বেওয়া ওরফে ময়না। তিনি ওই উপজেলার বড় কুতুবপুর গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের স্ত্রী।
.png)
জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে মমিন তার মেয়ে মৌসুমিকে শাসন করার জন্য হাতে লাঠি নিয়ে তাড়া করেন। বিষয়টি নজরে পড়তেই মমিনের মা ময়না নাতনিকে রক্ষা করতে এগিয়ে যান। তখনই মমিন লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে ময়না গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে এবং পরে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। পরবর্তীতে ময়নার পরিবার গোপনে তার লাশ দাফনের চেষ্টা করছিল। তবে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে ময়নার লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠায় পুলিশ।
জানতে চাইলে সারিয়াকান্দি থানার ওসি রাজেস কুমার চক্রবর্তী বলেন, নিহতের ভাই থানায় হত্যা মামলা করেছেন। মায়ের মৃত্যুর পর থেকেই ছেলে মমিন পলাতক আছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। মামলায় শুধু মমিনকেই অভিযুক্ত করা হয়েছে।