শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া গ্রামের মাহাবুব আলম রাকিব, ঢাকুয়াপাড়া গ্রামের মো. বাদল বিশ্বাস ও সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের মো. সাদ্দাম হোসেন। পলাতক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর গ্রামের আমিন, শাকিল, পারভেজ ও মতিন।
পরিদর্শক মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা এলাকার মো. খোরশেদ আলমের একতা ট্রেডিংসে অভিযান চালিয়ে তাদের তিনটি ট্রাকের ইঞ্জিনসহ মাহাবুব আলম রাকিবকে গ্রেফতার করা হয়। পরে রাকিব জানান- ট্রাকসহ বিভিন্ন চোরাই গাড়ি বিভিন্ন জেলা থেকে কিনে সেগুলো মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় নিয়ে খণ্ডখণ্ড করে কেটে বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করতেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে চোরাই ট্রাকের কাটা অংশ বোঝাই একটি ট্রাকসহ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। একইদিন মানিকগঞ্জ সদর উপজেলার কাইলানী গ্রামের ছবেদ মার্কেট এলাকা থেকে ১৪টি চাকা ও পাঁচটি রিংসহ বাদল বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
.png)
চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।