ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হতো চোরাই মোটরসাইকেল
চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেয়া ও চোরাই মোটরসাইকেল বেচাকেনায় জড়িত ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর ডিবির ডিসি (উত্তর) নিহাদ আদনান তাইয়ান। এর আগে, রোববার বিকেল থেকে রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইমদাদুল ইসলাম রনি, কফিল উদ্দিন তানভীর, মাজেদ উদ্দিন নাদিম, আমিন আলী সাকিব, আরিফুল হাসান ও মো. সাকিব।
.png)
নগর ডিবির ডিসি নিহাদ আদনান তাইয়ান জানান, ‘এন কে মোটরস’ ও ‘অভ্রনীল নাদিম’ নামে দুইটি ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করতেন মাজেদ উদ্দিন নাদিম। পেজগুলো থেকে পাঠাওয়ের মাধ্যমে চালানোর কথা বলে মোটরসাইকেল ভাড়া নেয়ার বিজ্ঞাপন দেওয়া হতো। সেই বিজ্ঞাপন দেখে কেউ কেউ তার নিজস্ব মোটরসাইকেল নাদিমকে ভাড়ায় দিতেন।
কয়েকটি মোটরসাইকেল নেয়ার পর সেখান থেকে দুয়েকটি জালিয়াতির মাধ্যমে বিক্রি করে দিতেন নাদিম। এমন অভিযোগে তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
নিহাদ আদনান তাইয়ান আরো জানান, ফেসবুক পেজ নাদিমের নামে হলেও পুরো জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল ছয়জনের একটি চক্র। চোরাই মোটরসাইকেলও সংগ্রহ করতো চক্রটি। এরপর ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে দিতো। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।