যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারপিট করেছেন নারী আইনজীবী আরতি রাণী ঘোষ। মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার (৭ মে) দুপুরে যশোর আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী। রিকশাচালকের চেয়ে নারী আইনজীবী বয়সে ছোট হয়েও এভাবে মারপিট করায় অবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানিয়েছেন, নারী ওই আইনজীবী রিকশাচালককে এলোপাতাড়ি চড় মারার সঙ্গে জুতাপেটাও করেছেন।
.png)
এদিকে, এ ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কালো গাউন পরা ৫০ বছর বয়সী ওই নারী আইনজীবী রিকশাচালককে জামার কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। জামার কলার ধরে বারবার রিকশা চালককে পৌরসভায় নিয়ে যেয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়। এ সময় রিকশাচালক হাত উঁচু করে মাফ চান। বারবার রিকশাচালক আকুতি করলেও ওই নারী আইনজীবীর মন গলাতে দেখা যায়নি বরং নারী ওই আইনজীবী আরো চড়াও হয়ে এলোপাতাড়ি চড় মারতে থাকেন। এ সময় সড়কের পথচারীরা ওই আইনজীবীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে থামেন তিনি।
পথচারী রবি বলেন, নারী ওই আইনজীবীকে বারবার অনুরোধ করার পরেও তিনি কারো কথা শুনেনি। একের পর এক রিকশাচালককে তিনি মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে সড়কে অবস্থান করা বিভিন্ন পথচারী প্রতিবাদ করলে তিনি কিছুটা শান্ত হন।
আইনজীবী আরতি রাণী ঘোষের দাবি- তিনি কোর্ট শেষে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন। এমন আচরণ করা ঠিক হয়েছে কি-না সাংবাদিকরা প্রশ্ন করলে আরতি রাণী বলেন, ‘ওকে কি পুঁজো করবো? সঠিক কাজ করেছি।’
ওই নারী আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক। এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেন তিনি।