দাফনের ২ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
২ মাস ১০ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বেলাল হোসেন (৫০) নামে এক যুবকের লাশ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরে নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।
নিহত বেলাল হোসেন (৫০) উপজেলার মন্দিরা গ্রামের অছির উদ্দিনের ছেলে।
.png)
ওসি সুমন কুমার মহন্ত জানান, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে বেলাল হোসেন তার দুই বন্ধুসহ মোটরসাইকেলযোগে বেড়াতে বের হন। রাতে তার স্ত্রীর কাছে ফোনে জানানো হয় যে, বেলাল হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত বেলালকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাতেই রংপুর হাসপাতালে নেয়া হলে ১ মার্চ সকালে তার মৃত্যু ঘটে।
ওসি আরও জানান, বিষয়টি দুর্ঘটনা হিসেবে ধরে নিয়ে ওই দিনই সুরতহাল ছাড়া মন্দিরা কবরস্থানে তাকে দাফন করা হয়। পরবর্তীতে এটিকে হত্যাকাণ্ড সন্দেহ করে নিহতের স্ত্রী রীনা পারভীন গত ৩০ মার্চ আদালতে মামলা করেন। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের জন্য আদালত কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
আদালতের আদেশে দাফনের ২ মাস ১০ দিন বৃহস্পতিবার বিরামপুর ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।