রোববার সকালে সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সিন্দুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইসমাইল হোসেন একই এলাকার খোরশেদ আলম খুরছু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় ১৭ বছর আগে ইসমাইল হোসেন ঐ এলাকার নছুমুদ্দিনের কাছ থেকে এক একর জমি কিনেছিলেন। এরপর জমিটি ঐ এলাকার নতু মোল্লার ছেলে আজিজ মোল্লা ও তোফাজ্জল মোল্লা, নব্বে মোল্লার ছেলে রফিকুল ইসলাম গোনাই এবং আবুল হোসেনের ছেলে কামরুল হাসান ও সাইফুল ইসলাম জমিটি তাদের বলে দাবি করে কয়েকবার দখলের চেষ্টা করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে আজিজ মোল্লা ও রফিকুল ইসলাম গোনাইয়ের নেতৃত্বে বিরোধপূর্ণ ঐ জমিতে ধান কাটতে গেলে ইসমাইল হোসেন বাধা দেন।
.png)
একপর্যায়ে তারা ইসমাইল হোসেনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ধলা মিয়া নামে আরেকজন আহত হন।
বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। সালিশে জমিটি ইসমাইল হোসেনের বলে প্রমাণিত হয়েছে। মূলত জমিটি প্রতিপক্ষরা দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে ইসমাইল হোসেনের উপর হামলা চালানো হয়।
সখিপুর থানার ওসি রেজাউল করিম জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।