মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত ১০টার দিকে তাকে কুপিয়ে জখম করা হয়।
নিহত ইশারন খাতুন উপজেলার শিয়ালমারি গ্রামের উত্তরপাড়ার ফজলুর রহমানের স্ত্রী। আটক জিন্নাহ আলী একই গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।
.png)
জানা গেছে, গত ১৩ এপ্রিল উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের বানাতখাল মাঠে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০০ বিঘা জমির ভুট্টাক্ষেত ও পানের বরজ পুড়ে যায়। অভিযোগ ওঠে স্থানীয় চাষি জিন্নাহ আলী তার নিজের ভুট্টাক্ষেতে আগুন দিলে সেই আগুন ছড়িয়ে পড়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। যার সাক্ষী দেন বৃদ্ধা ইশারন খাতুন।
এতে জিন্নাহ আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার জের ধরে সোমবার রাত ১০টার দিকে বৃদ্ধা ইশারন খাতুনকে নিজ বাড়ির সামনে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন জিন্নাত। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া নেয়ার পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা আরো অবনতি হলে রাজশাহী নেয়ার পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই আলমডাঙ্গা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযান চালিয়ে অভিযুক্ত জিন্নাহ আলীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।