মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার সকালে উপজেলার চাঁচুড়ী ও ফুলদাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামগুলোতে চরম উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার ফুলদাহ গ্রামের ফসিয়ার মোল্যা এবং চাঁচুড়ী গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চাঁচুড়ী, ফুলদাহ, কৃষ্ণপুর, চন্দ্রপুর এবং দাড়িয়াঘাটা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফসিয়ার মোল্যার সমর্থক সবুজ মোল্যার নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রশস্ত্র নিয়ে চাঁচুড়ী বাজারে ঢুকে মোস্তফার ছেলেসহ তার সমর্থক মুকুল মোল্যা, মাওলানা গোলজার মোল্যা, তোফায়েল শেখ এবং আব্দুল্লাহকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। তাদেরকে ঐ রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
এর জেরে ঐসব গ্রামের লোকজন দুই পক্ষে ভাগ হয়ে বুধবার সকাল ৮টার দিকে চাঁচুড়ী বাজারের পাশের খালপাড়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে ফুলদাহ গ্রামের বিপ্লব ফকির, রমজান বেগ, শুকুর মোল্যা, হাবিব মোল্যা, আব্দুল্লাহ, মিল্টন মোল্যা, মুহিদ মোল্যা এবং খাইরুল মোল্যা এবং চাঁচুড়ী গ্রামের সাহাবুদ্দিন মোল্যা ও রিয়াদ মৃধাসহ অন্তত ১০ জন আহত হন।
কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।