শাহরাস্তিতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নুনিয়া ফাজিল মাদরাসা এলাকায় শাহরাস্তি-চাটখিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। আহতরা হলেন- নুরজাহান, ফরিদা আক্তার এবং রাশেদা বেগম। তাদের বাড়ি শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামে।
স্থানীয়রা জানান, নরিংপুর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা উপজেলা সদরে আসছিল। পথে নুনিয়া ফাজিল মাদরাসা এলাকায় পৌঁছালে সড়কের পাশ থেকে আসা একটি মাটিবাহী মিনি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে চার নারী যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।