ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের পর কব্জি বিচ্ছিন্ন করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ৪ জুন ২০২৩
অপহরণের পর কব্জি বিচ্ছিন্ন করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা জাহাঙ্গীর আলমের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেরত পাঠিয়েছে অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা। তবে জিম্মি থাকা অপর চারজনের মুক্তির জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন তারা।

রোহিঙ্গা জাহাঙ্গীর আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীর ২৫ নম্বর ক্যাম্পের সামসু আলমের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে আলীখালী ক্যাম্প থেকে অপহৃত ৫ রোহিঙ্গার একজন হলেন জাহাঙ্গীর আলম। অপহৃত বাকি চারজন হলেন- একই ক্যাম্পের নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম।

Advertisement

ঐ ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) নুরুল আমিন জানান, শুক্রবার রাতে অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা ৫ রোহিঙ্গাকে অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।  শনিবার সন্ধ্যায় ক্যাম্পের কাঁটাতারের পাশের পাহাড়ের পাদদেশে জাহাঙ্গীর আলমের একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে রাখে। খবর পেয়ে ক্যাম্পের লোকজন তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রোববার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহৃত অপর চারজনের পরিবারের কাছে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। দাবি না মানলে তাদের হত্যার হুমকিও দিয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় হাতকাটা অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। তার চিকিৎসা চলছে। বাকি অপহৃতদের উদ্ধার করতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!