জয়পুরহাটে আখ চাষে কৃষকদের আগ্রহী করতে মাঠ দিবস
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে জয়পুরহাটে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সঙ্গে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জয়পুরহাট সুগার মিল এলাকায় হাতিল ফকিরপাড়াতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বিএসআরআই উপকেন্দ্র, জয়পুরহাটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. এ বি এম মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সাইফুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ বিক্রির জন্য সময়মতো পুঁজি না পাওয়া, পোকার আক্রমণে আখ নষ্ট হলেও কীটনাশক না পাওয়া, আখ চাষে অন্যান্য ফসলের চেয়ে সময় বেশি লাগা, বিক্রির পর সময়ের টাকা অসময়ে পাওয়া, দাম কমের কারণে লাভ কম- এসব কারণে দিনদিন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। এজন্য আখের সঙ্গে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মাধ্যমে আখ চাষে বিমুখ কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠে কাজ করছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। এতে এখন লাভের মুখ দেখছেন আখ চাষিরা এবং আখ চাষেও আগ্রহী হচ্ছেন তারা।