হাত-ব্যথার চিকিৎসা নিতে গিয়ে প্রাণটাই হারালেন আমেনা
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় আমেনা খাতুন নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত আমেনা বেগম (৫০) জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণুউরি গ্রামের কাইয়ুম মোল্লার স্ত্রী।
আমেনা বেগমের বড় জামাতা আমির হোসেন জীবন অভিযোগ করে বলেন, গত ৫ জুন বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাম হাতে ব্যথা পান আমেনা বেগম। পরে কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের সাইদুল ইসলামের মাধ্যমে জেলা শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলামের কাছে আসেন। এ সময় ডা. রফিকুল ইসলাম বুধবার বিকেলে হাতের অপারেশন করার কথা জানান।
.png)
বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে গেলে অ্যানেস্থেসিয়া চিকিসৎক পীযুষ কুমার সাহা রোগীকে অজ্ঞান করার ইনজেকশন পুশ করেন। এরপরে আর রোগীর জ্ঞান ফিরেনি। পরে তাকে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া আইসিইউ স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, একজন সুস্থ মানুষ কিভাবে মারা যায় আমরা তা জানতে চাই। এখানে ডাক্তারের গাফিলতি ছিলো। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে হাসপাতালের অভিযুক্ত দুই চিকিৎসক অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক পীযুষ কুমার সাহার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো সাড়া দেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা হাসপাতালটি পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো নারীর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।