ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল পরিচালকসহ ৬ জন কারাগারে
গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় প্রসূতি শিরিন বেগমের (৩০) মৃত্যুর ঘটনায় ওই হাসপাতালের পরিচালক বন্যা বেগমসহ (৩১) তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় ভিকটিমের চিকিৎসা সংক্রান্ত ও হাসপাতাল পরিচালনার মেয়াদোত্তীর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তাদেরকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত ২৩ আগস্ট রাতে কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর রোড বালীগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। বুধবার (২৪ আগস্ট) রাতে গ্রেফতারকৃত সব আসামিকে কালীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিহতের স্বামী আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
নিহত প্রসূতি শিরিন উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি সদ্য নবজাতক ছাড়াও ১০ বছরের দুটি যমজ ছেলে সন্তানের মা ছিলেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান।
গ্রেফতাকৃতরা হলেন- হাসপাতালের পরিচালক বন্যা আক্তার, মো. আশিকুর রহমান (২৫), সংগীতা তেরেজা কস্তা (৩৩), মেরী গোমেজ (৪০), সীমা আক্তার (৩৪) ও শামীমা আক্তার (৩২)।
এসআই মশিউর রহমান খান জানান, গ্রেফতারকৃতদের ব্যাপারে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত অনুয়ায়ী বিচারকাজ চলমান থাকবে।
এসআই আরো জানান, ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যুর ঘটনার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। পরে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বন্যা বেগমসহ তার ৬ সহযোগীকে গ্রেফতার করে র্যাব।