ফেলে যাওয়া বস্তায় মিলল দেড় লাখ ইয়াবা
কক্সবাজারের টেকনাফে পাচারকারীদের ফেলে যাওয়া তিনটি বস্তা থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি কাঠের নৌকাও উদ্ধার করা হয়।
সোমবার ভোরে টেকনাফ সাবরাং আশিকানি নামক এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার ভোরে সাবরাং বিওপি’র আশিকানি এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা কেওড়া বাগানে কৌশলগত অবস্থান নেয় । এ সময় ৪ ব্যক্তিকে একটি কাঠের নৌকায় করে নাফ নদীর কিনারায় আসতে দেখে। নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবির সদস্যরা নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকায় আরোহীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে বাগানে পালিয়ে যায়।
.png)
বিজিবি’র সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি কাঠের নৌকার ভেতর থেকে কালো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৩ টি পোটলা উদ্ধার করে। উদ্ধারকৃত পোটলার ভেতর থেকে দেড় লাখ ইয়াবা পাওয়া যায়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও উদ্ধার করা হয়। এ সময় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারীদের শনাক্ত করার জন্য কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত নৌকা ও মালিকবিহীন ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।