ঝড়ের কবলে পড়ে ডুবলো যাত্রীবাহী লঞ্চ
বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে ঝড়ের কবলে পড়ে এমভি ইনজাম নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কাজিরহাট থানাধীন পূর্ব ভংগাসংলগ্ন লতা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাজীরহাট থানার ওসি জুবাইর আহমেদ।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে লঞ্চটি হিজলার টেক থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সেখান থেকে বরিশালের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু লতা ঘাটে পৌঁছানোর পূর্বে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে লঞ্চটিকে পূর্ব ভংগা সংলগ্ন নদীর চরে উঠিয়ে দেন চালক। এ সময় লঞ্চ থেকে নিরাপদে নেমে যান যাত্রীরা। কিছুক্ষণ পর ঝড় শুরু হলে এটি কাত হয়ে ডুবে যায়।
তিনি আরো বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। তবে সবাই লঞ্চ থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকালে লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। ঝড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে গেছে।