ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরার জাল তুলতেই উঠে এলো বিশাল এক অজগর

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ১৫ জুন ২০২৩
মাছ ধরার জাল তুলতেই উঠে এলো বিশাল এক অজগর
ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলার পশ্চিম কদমতলা গ্রামে মাছ ধরার জালে লম্বায় ১০ ফুটের বিশাল এক অজগর উঠেছে। বাড়ির পাশের খালে জেলে হারুন খলিফার পেতে রাখা জালে জড়িয়ে পড়ে অজগরটি।

বৃহস্পতিবার সকালে জাল তুলতে গিয়ে এ অবস্থা দেখে জালসহ অজগরটি বাড়িতে নিয়ে আসেন ওই জেলে।

পরে বন সুরক্ষায় নিয়োজিত ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যদের খবর দিলে তারা দুপুর ১২টার দিকে এসে জাল থেকে অজগরটি ছাড়িয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

Advertisement

লম্বায় ১০ ফুট অজগরটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানিয়েছেন ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার।  

জেলের বরাত দিয়ে ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, জেলে হারুন খলিফা তার বাড়ির পাশের খালে জাল পেতে নিয়মিত মাছ ধরেন। বুধবার বিকেলে একই নিয়মে খালে জাল পেতে রাখেন। পরদির সকালে জাল তুলতে গিয়ে অজগরটি জড়ানো অবস্থায় দেখতে পান। কিন্তু একটি মাছও ছিল না জালে। হয়তো সব মাছ খেয়ে জালে জড়িয়ে পড়ে অজগরটি।

আলম হাওলাদার জানান, জেলে হারুন খলিফা অজগরসহ জাল তুলে বাড়িতে এনে তাদের খবর দেন। পরে টাইগার টিমের সদস্য সাগর হাওলাদারকে সঙ্গে নিয়ে অজগরটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান তারা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, সুন্দরবন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পশ্চিম কদমতলা গ্রাম থেকে অজগরটি উদ্ধার করেছেন ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যরা। ১০ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজি ওজনের অজগরটি দুপুর ১টার দিকে রেঞ্জ অফিসের পাশের বনে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!