শিশুকে বকা দেওয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে হত্যা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশুকে বকা দেওয়ার প্রতিবাদ করায় সোমা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার পৌর শহরের চন্দনসার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় খোসনেয়ারা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত সোমা আক্তার উপজেলার চন্দনসার গ্রামের টিপু মিয়ার স্ত্রী। শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।
.png)
এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার মর্জিনা আক্তার সূচি নামে এক নারী এক শিশুকে অশ্লীল ভাষায় বকা দেয়। এতে সোমা আক্তার প্রতিবাদ করলে সূচি তার সঙ্গে বিবাদে লিপ্ত হয়। এ সময় সূচির স্বামী আরিফ হাসান জিকু ও শ্বশুর আব্দুল আওয়াল এসে তাকে বেধড়ক পেটাতে শুরু করেন। একপর্যায়ে সূচি তার তলপেটে লাথি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত সোমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। রাতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।