শনিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের শিমুল তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ চরফ্যাশনের শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার লুৎফর বকসের ছেলে।
জানা যায়, শনিবার ভোরে জন্ডিসের চিকিৎসা করাতে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার এক কবিরাজের কাছে পরিবারের সঙ্গে যায় রাশেদ। এরপর সেখান থেকে বাড়িতে ফেরার পথে শিমুল তলা এলাকায় পৌঁছালে উল্টে যায় তাদের বহন করা অটোরিকশাটি। এ সময় উল্টে পড়া ঐ অটোরিকশার নিচে চাপা পড়ে কিশোর রাশেদ। পরে সঙ্গে থাকা স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। রাশেদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। তবে কোনো অভিযোগ না থাকায় ঐ কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।