ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে আইসিসি প্রতিনিধি দল

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ৬ জুলাই ২০২৩
রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে আইসিসি প্রতিনিধি দল
ছবি: ডেইলি বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন-নিপীড়নের তথ্যানুসন্ধানের জন্য কক্সবাজার সফর করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান।

বুধবার কক্সবাজারে পৌঁছে বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালতের এই আইনজীবী।

বৃহস্পতিবার আইসিসি প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার ১ ও ১২ নম্বর ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সেখানে তারা আইসিসি নির্ধারিত রোহিঙ্গা নারী ও পুরুষদের সঙ্গে কথা বলবেন। যাদের সঙ্গে কথা বলবেন তারা রোহিঙ্গা গণহত্যার মামলায় সাক্ষ্য দেবেন বলে জানানো হয়েছে।

Advertisement

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ খান কক্সবাজার পৌঁছান। তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দু’জন কর্মকর্তা রয়েছেন।

তারা বিমানবন্দর থেকে সরাসরি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আসেন। প্রতিনিধি দলের সদস্যরা কমিশনের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন।

বৈঠকে অংশ নেয়া একাধিক কর্মকর্তা জানান, আইসিসির প্রধান কৌঁসুলি রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ব্যবস্থা ও তাদের সহায়তা নিয়ে আলোচনা করেন। এ সময় খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ায় ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং ক্যাম্পের নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানান আইসিসি কৌঁসুলি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!