মেঘনা নদীতে মিলল নিখোঁজ যুবকের লাশ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাড়ি থেকে ডেকে নেয়ার সাতদিন পর মেঘনা নদী থেকে হেলিম মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি এলাকায় মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত হেলিম মিয়া ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের ঝগড়ার চর এলাকার আলকাছ মিয়ার ছেলে।
হেলিমের বড় ভাই সেলিম মিয়া জানান, গত রোববার দুপুরে কালিকাপ্রসাদ আদর্শপাড়া গ্রামের সালাম মিয়া বাড়ি থেকে ডেকে হেলিমকে নিয়ে যান। এরপর থেকে সেলিম নিখোঁজ ছিলেন। তার সন্ধান না পাওয়ায় শুক্রবার ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেলিম মিয়া।
.png)
তিনি আরো জানান, প্রায় আট মাস আগে কালিকাপ্রসাদ এলাকার আলমগীর ও জাহাঙ্গীর নামে দুই ভাই এবং শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সালাম মিয়ার মাধ্যমে সেলিম মিয়া লিবিয়ায় যান। লিবিয়ায় নিয়ে তাকে জিম্মি করে মারপিট করা হয় টাকার জন্য। এরপর বাড়ি বিক্রি করে আলমগীর ও জাহাঙ্গীরকে আরো তিন লাখ টাকা দেন তারা। প্রায় দেড় মাস আগে লিবিয়া থেকে বাড়ি ফিরে সেলিম মিয়া দালাল আলমগীর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকায় সালিশি বৈঠক করেন। এতে ৮০ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে এ সিদ্ধান্ত অমান্য করে আলমগীর ও জাহাঙ্গীর নানা তালবাহানা শুরু করেন। এছাড়া সেলিম ও তার ভাই হেলিম মিয়াকে দেখে নেয়ার হুমকি দেন। সেলিম মিয়া অভিযোগ করে জানান, তারাই হেলিম ভাইকে হত্যা করেছেন।
ভৈরব নৌ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে- তিন থেকে চারদিন আগে মারা গেছেন হেলিম মিয়া। এটি হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে।