ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধীর শরীরে অ্যাসিড নিক্ষেপ, অভিযুক্ত গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ২১ জুলাই ২০২৩
প্রতিবন্ধীর শরীরে অ্যাসিড নিক্ষেপ, অভিযুক্ত গ্রেফতার
এই দোকানের সামনে ভুক্তভোগীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সদর উপজেলার কৈতরা বাজারে খলিল মোল্লা নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীর শরীরে অ্যাসিড  নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর থানার ওসি আব্দুর রউফ সরকার। এর আগে, বৃহস্পতিবার ভুক্তভোগীর ভাতিজি সালমা খাতুন সদর থানায় বাদী হয়ে মামলা করেন।

গ্রেফতার পবিত্র কুমার মন্ডল জেলা সদর উপজেলার এগারোশ্রী গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার কৈতরা বাজারের আঁখি ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করেন।

Advertisement

জানা যায়, অ্যাসিড নিক্ষেপের শিকার খলিল মোল্লা একজন বুদ্ধিপ্রতিবন্ধী। তিনি উপজেলার কৈতরা বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন লোকজনের কাছে টাকা চেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করেন। গত রোববার বিকেলে তিনি ডা. পরেশ চন্দ্র মন্ডলের আঁখি ফার্মেসিতে সাহায্যের জন্য যান। তার দোকানে থাকা কর্মচারী পবিত্র মন্ডলের কাছে লুঙ্গি ও টাকা চান। পবিত্র তাকে পরে দেবেন বলে দোকানের সামনে থেকে চলে যেতে বলেন। খলিল যেতে না চাইলে পবিত্র ফার্মেসিতে থাকা অ্যাসিডের বোতল থেকে সিরিঞ্জে ভর্তি করে তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে করে খলিলের পিঠ ও ডান হাতের বাহু ঝলসে যায়।

ওসি আব্দুর রউফ সরকার জানান, অভিযুক্ত পবিত্র মন্ডলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!