ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত স্ত্রীকে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ২৫ জুলাই ২০২৩
ঘুমন্ত স্ত্রীকে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রী শাহানাজকে হত্যার মামলায় স্বামী মমিনুল ইসলামকে (৬৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহার আখতার ভূঁইয়া এ রায় দেন। রায় ঘোষার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ২৫ এপ্রিল রাতে সিরাজদিখান উপজেলার পশ্চিম পাউসার গ্রামে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী শাহানাজ পারভীনকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেন মমিনুল। এ ঘটনায় নিহতের ভাই সুলতান ব্যাপারী বাদী হয়ে মামলা করেন। একই বছরের ২৯ এপ্রিল তাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী বলেন, আসামি তার স্ত্রীকে গুরুতর জখম করে ঘরে তালা মেরে পালিয়ে যান, যেন তাকে কেউ চিকিৎসা করাতে না পারেন। এ মামলায় নিহতের দুই সন্তানসহ মোট ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া আসামি নিজে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. উদ্দিন বলেন, আসামিকে পুলিশ হেফাজত হতে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!