চাঁদপুরে ৬ মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু: সিভিল সার্জন
চাঁদপুর জেলায় জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত পানিতে ডুবে ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে, ২০২২ সালে মৃত্যু হয় ৪৯ জন, ২০২১ সালে ৫৩ জন, ২০২০ সালে ৪৩ জন ও ২০১৯ সালে ৪৯ শিশুর মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাহিদুজ্জামান।
এর আগে, দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
.png)
তিনি বলেন, জেলায় অরুন নন্দী সুইমিং দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাও নিজস্বভাবে সাঁতার শেখানোর উদ্যোগ গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সহযোগিতা করব।
সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনজিও কর্মকর্তা জহিরুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, শিশুবিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ।