রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে আসা রুশ জাহাজ এমভি ইসানিয়া মোংলা বন্দরে ভিড়েছে। রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি বুধবার বিকেল ৩টায় মোংলা বন্দরের ৭নম্বর জেটিতে ভেড়ে। এরপর বিকেল ৪টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়।
বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স’র খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ২ জুলাই মোংলা বন্দরের উদ্দেশে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে এমভি ইসানিয়া। এরপর রাশিয়ার পতাকাবাহী জাহাজটি বুধবার বিকেল ৩টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে। বিকেল ৪টা থেকে জাহাজটি হতে ৪৪২ প্যাকেজের মেশিনারিজ পণ্য খালাসের কাজ শুরু হয়।
তিনি আরো জানান, জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস করে জেটিতে রাখা হচ্ছে। পণ্য খালাস শেষে এ জাহাজটি শুক্রবার মোংলা বন্দর ত্যাগ করবে। জেটিতে নামিয়ে রাখা এ মেশিনারিজ পণ্য রোববার থেকে সড়ক পথে নেয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
.png)
এর আগে, গত ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান এবং ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।