ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পারিবারিক বিরোধে ঘরে ঢুকে নারীকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২৭ জুলাই ২০২৩
পারিবারিক বিরোধে ঘরে ঢুকে নারীকে হত্যা
ছবিতে রাশিদা বেগম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রাশিদা বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাতে নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া (মানিকমুড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম একই গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

নিহতের জামাই মোহাম্মদ নবীর জানান, আট মাস আগে রাশিদা বেগমের ছেলে বিল্লাল হোসেন পোল্যান্ড থেকে এসে একই গ্রামের কাঞ্চন মিয়ার মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর বিল্লাল হোসেন পোল্যান্ড চলে যান। মায়ের কাছে রেখে যান তার স্ত্রী তাসনিমকে। কিছুদিন পর তাসনিম বাবার বাড়ি চলে যান। এ সময় নিজের সব গহনা নিয়ে যান। এরপর থেকে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর মাঝেই প্রকট আকার ধারণ করে এ বিরোধ। এরপর কাঞ্চন মিয়া বাড়ির পাশে এসে রাশিদা বেগমকে গালাগাল করতেন।

Advertisement

তিনি অভিযোগ করে বলেন, এই সমস্যার জন্য আজ বৃহস্পতিবার সমাজের লোকজন নিয়ে বসার কথা ছিল। কিন্তু বুধবার রাতেই তারা রাশিদা বেগমকে হত্যা করে।

নিহতের ছেলে বিল্লাল হোসেন মুঠোফোনে জানান, বিয়ের পর তিনি পোল্যান্ড চলে যান। তার শ্বশুর এবং স্ত্রী দুই মাসের মধ্যেই ফিরে যেতে বলেছিলেন। সমস্যার কারণে তিনি পোল্যান্ড থেকে দেশে ফিরতে পারেননি। কাগজপত্র জটিলতায় ফিরতে দেরি হবে দেরি হবে বলেও জানান। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তা না শুনে তাকে টানা হুমকি দিচ্ছিলেন। একপর্যায়ে তার মেসেজে, কলে ও বাড়িতে গিয়েও তার ভগ্নীপতি এবং মাকে হত্যার হুমকি দেন।

বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, তারা আমার মাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। আমি মায়ের হত্যার বিচার চাই।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঐ নারীর মাথায় আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!