বিদেশে যাওয়ার টাকার জন্য গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশে যাওয়ার টাকার জন্য গৃহবধূকে হত্যা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে তানিয়া আক্তার নামে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তানিয়া আক্তার অটোরিকশা চালক আজাদ হোসেনের স্ত্রী। তানিয়া মুন্সিরহাট একই ইউনিয়নের বৈলপুর গ্রামের শফিকুর রহমানের মেয়ে। এ ঘটনার পর থেকে তানিয়ার স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
নিহত তানিয়ার মা মায়া বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে তার স্বামী আজাদ হোসেন টাকার জন্য প্রায় সময় শারীরিক নির্যাতন করত। কোরবানির ঈদের আগে আজাদ দুই লাখ টাকার জন্য চাপ প্রয়োগ করে। মেয়ের সুখের কথা চিন্তা করে টাকা দিতে রাজি হই। কিন্তু টাকা জোগাড় করতে দেরি হওয়াতে আজাদ দুইদিন আগে আমাকে মোবাইল হুমকি দিয়ে বলে- আগামী দুইদিনের মধ্যে টাকা না দিলে পরে তার ফল পাবেন। বৃহস্পতিবার সকালে তানিয়ার বাড়ির পাশের আমার নিকট আত্মীয় পেয়ারা বেগমের মাধ্যমে জানতে পারি তানিয়া মারা গেছে। আমি ছুটে এসে দেখি তানিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মায়া বেগম অভিযোগ করে আরো বলেন, টাকা দিতে দেরি হওয়ায় আজাদ আমার মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ঐ গৃহবধূ তানিয়ার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।