ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার ফেনীতে নারীদের জন্য বাস সার্ভিস চালু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ৩০ জুলাই ২০২৩
এবার ফেনীতে নারীদের জন্য বাস সার্ভিস চালু
ছবি: সংগৃহীত

ঢাকার পর এবার ফেনীতেও চালু হলো নারীদের জন্য বাস সার্ভিস। রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফিতা কেটে এই সেবার উদ্বোধন করেন।

জানা গেছে, প্রতিদিন ফেনীর বিভিন্ন উপজেলা থেকে শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন নানা কাজে শত শত নারীকে জেলা শহরে আসতে হয়। শহরে চলাচলের জন্য নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রিন টাউন বাস সার্ভিস আছে।

তবে নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা ছিল না। এতে নারী-পুরুষদের একসঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হতো। অনেক সময় একসঙ্গে যাতায়াতের ফলে নারীদের যৌন হয়রানিসহ নানা ধরনের অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যেতে হতো। বিষয়টি নজরে আসে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর। এরপরই তিনি নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগ নেন।

Advertisement

কলেজছাত্রী ফাহমিদা তাসনিম মীম বলেন, শহরে সিএনজি ও গ্রিন টাউন সার্ভিসে পুরুষদের সঙ্গে গাদাগাদি করে যেতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ফেনী পৌরসভায় নারীদের জন্য আলাদা বাস চালু করেছে জেনে ভালো লাগলো। এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, শহরে চলমান গ্রিন টাউন সার্ভিসে যাত্রীদের গাদাগাদির কারণে নারীরা বিব্রত হয়ে থাকেন। তাই প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে ফেনী পৌরসভায় নারীদের জন্য বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছি। প্রয়োজন ও চাহিদা মোতাবেক পরবর্তীতে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামীম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!