ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার মাস পর কবর থেকে কিশোরের লাশ উত্তোলন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ২ আগস্ট ২০২৩
চার মাস পর কবর থেকে কিশোরের লাশ উত্তোলন
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের চৌহালিতে আদালতের নির্দেশে মৃত্যুর চার মাস সাতদিন পর মাহমুদুল হাসান বাবু নামে এক কিশোরের লাশ উত্তোলন করেছে পুলিশ। বুধবার দুপুরে চৌহালি থানা এলাকার একটি পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। লাশটি উত্তোলনের পর তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোর মাহমুদুল হাসান বাবু চৌহালির দক্ষিণ খাষকাউলিয়া এলাকার ময়নুল হকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, গত ২৬ মার্চ দুপুরে মাহমুদ হাসান বাবু তার বন্ধু মজিবর ও রাকিবের সঙ্গে বাসা থেকে বাইকে ঘুরতে বের হয়। তারা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌদ্দখাদা এলাকায় পৌঁছালে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদ হাসান মাথায় গুরুতর আঘাত পায়। পরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

Advertisement

নিহতের নানা ইউসুফ আলী মন্ডল জানান, গত ২৬ মার্চ বিকেলে খবর পান যে, তার নাতি মাহমুদ হাসান বাবু বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর বাবুর মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই তার নাতির দাফন সম্পন্ন হয়।

তিনি আরো জানান, মৃত্যুর আলামতে দেখে বোঝা যায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সম্পত্তি দখল ও ওয়ারিশ শূন্য করার জন্যই পরিকল্পিতভাবে তার একমাত্র নাতিকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ মোট ৩৫ জনকে আসামি করে মামলা হয়। এতে মজিবর (১৪), রাকিব (১৩), মোক্তার (৪০) এবং মো. এরশাদের (৩০) নাম উল্লেখ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ইমদাদুল হক জানান, মাহমুদ হাসান বাবুর নানা আবু ইউসুফ মন্ডল বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২ জুন চৌহালি থানায় মামলাটি রেকর্ড করা হয়। আদালত মামলাটি চৌহালি আমলি আদালতে রুজু করে কবর থেকে লাশ উঠানোর নির্দেশ দেন। তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মেডিকেল অফিসারের উপস্থিতিতে লাশ তুলে মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!