বালুবোঝাই ট্রাক থেকে বেরিয়ে এল গাঁজার বস্তা
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ দেখে পালানোর সময় ধাওয়া দিয়ে বালুবোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। পরে সেই ট্রাকের বালুর ভেতর থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার তালতলা এলাকায় ট্রাকটি আটকের পর তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ।
জানা গেছে, মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার তালতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে আসতে দেখে থামানোর সংকেত দেয় হাইওয়ে পুলিশ। সংকেত অমান্য করে আরো দ্রুত গতিতে চলে যাওয়ার সময় পুলিশ পেছনে ধাওয়া করে। পরে ট্রাকটির চালক মিয়াবাজার শামুকসার রাস্তার মাথায় ঢাকামুখী লেনে ট্রাকটি রেখে পালিয়ে যান। এ সময় ট্রাকটি তল্লাশি করে ট্রাকে থাকা বালুর নিচ থেকে ৩৫ কেজি গাঁজার একটি বস্তা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপপরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, ট্রাকটিতে গাঁজা থাকায় ঐ চালক দ্রুত পালাচ্ছিলেন। পুলিশ ধাওয়া করলে ট্রাক রেখেই তিনি পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। অজ্ঞাত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।