ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে বেড়েছে আখ চাষ, ফলনে খুশি কৃষক

হাসান পিন্টু, লালমোহন (ভোলা)
প্রকাশিত: ২১:১৩, ৭ আগস্ট ২০২৩
লালমোহনে বেড়েছে আখ চাষ, ফলনে খুশি কৃষক
লালমোহনের কৃষকের ক্ষেতের আখ- ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে চলতি বছরে আখের বাম্পার ফলন হয়েছে। কাঙ্ক্ষিত ফলন পেয়ে হাসি ফুটেছে আখ চাষিদের মুখে। এরইমধ্যে অনেক চাষি বাজারে আখ বিক্রি করতে শুরু করেছেন। আবার কেউ কেউ ক্ষেত থেকে বেপারীদের কাছে আখ বিক্রি করে দিচ্ছেন।

এদিকে, গত বছরের তুলনায় এ বছর লালমোহন উপজেলায় বেড়েছে আখের চাষ। চলতি বছরে উপজেলায় সর্বোচ্চ আখ চাষ করেছেন লালমোহন সদর ইউনিয়নের কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত বছর লালমোহনে ৩৫ হেক্টর জমিতে আখ চাষ হয়। সে হিসেবে আখ চাষের জন্য উপজেলা কৃষি অফিস এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ৩৮ হেক্টর জমি। কৃষকরা সে লক্ষ্যমাত্রা পূরণ করেছেন। এতে করে এ বছর লালমোহনে আখের আবাদ হয়েছে ৩৮ হেক্টর জমিতে। সর্বোচ্চ আখ চাষ করেছেন লালমোহন সদর ইউনিয়নের কৃষকরা। এ বছর লালমোহন উপজেলাতে আইএসডি ১৬ ও ১৮ এবং ২০৮ জাতের আখ চাষ করেছেন কৃষকরা।

Advertisement

উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার আখ চাষি মো. আবুল কালাম জানান, গত ত্রিশ বছর ধরে আখ চাষ করছেন তিনি। এ বছরও ৩২ শতাংশ জমিতে আখ চাষ করেছেন তিনি। যেখানে কীটনাশক ও শ্রমিকসহ ৫৫ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। এ বছর তার আখের ফলন ভালো হয়েছে। আশানুরূপ ফলন পেয়ে খুশি তিনি। এবছর অন্তত দেড় লাখ টাকার আখ বিক্রি করতে পারবেন বলে আশা আখ চাষি আবুল কালামের।

লালমোহনের কৃষকের ক্ষেতের আখ- ছবি: ডেইলি বাংলাদেশ

ঐ এলাকার আরেক আখ চাষি মো. আব্দুস শহিদ। গত ১৫ বছর ধরে তিনি নিয়মিত আখ চাষ করছেন। এ বছরও ১২ শতাংশ জমিতে আখ চাষ করেছেন তিনি। কৃষক শহিদ বলেন, এ বছর আখের ফলন অনেক ভালো হয়েছে। এ বছর আখ চাষে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। তবে ফলন ভালো হওয়ায় বাজারে অন্তত ৬০ হাজার টাকায় এসব আখ বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।

লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, আবহাওয়া ভালো থাকায় কৃষকরা এবার আখের বাম্পার ফলন পেয়েছেন। বাজারেও আখের ব্যাপক চাহিদা। আশা করছি কৃষকরা আখ বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন।

তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের কল্যাণে কাজ করছে। কৃষকরা যেন কম খরচ ও কম পরিশ্রমে ভালো ফলন পান, সেজন্য তাদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছে কৃষি অফিস। আমরা চাই কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদনে আগ্রহী হোক। সেজন্য তাদের সব ধরনের সহযোগিতা কৃষি অফিস থেকে করা হবে।

 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!