ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনে ডাবের ব্যবসা, রাতে করতেন ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১১ আগস্ট ২০২৩
দিনে ডাবের ব্যবসা, রাতে করতেন ছিনতাই
গ্রেফতার রিপন- ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নাহিদ আহমেদ রিপন নামে এক নামধারী ডাব ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দিনে করতেন ডাবের ব্যবসা আর রাত হলেই নেমে পড়তেন চোরাচালান ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাণ্ডে। গড়ে তুলেছেন কিশোর গ্যাংও।

গত ৭ আগস্ট এক ব্যবসায়ীকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় র‌্যাবের ছায়াতদন্ত ও অভিযানের পর এমন লোমহর্ষক তথ্য উঠে এসেছে।

গ্রেফতার রিপন জেলার শিবগঞ্জের কানসাটের সদাশিবপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। বৃহস্পতিবার (১০ আগস্ট) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে রিপনকে গ্রেফতার করা হয়।

Advertisement

র‌্যাব জানায়, রিপন একজন নামধারী ডাব ব্যবসায়ী। রাত হলেই রিপনের আসল মুখোশ বের হয়। গ্যাংয়ের সদস্যদের নিয়ে মোটরসাইকেলযোগে বেরিয়ে পড়েন তিনি। এ সময় তার মুখে মাস্কপরা থাকে। রিপনের টার্গেটে থাকে বিকাশ, গরু, আমসহ বিভিন্ন ব্যবসায়ীদের। আর তার গ্যাংয়ের ৪-৫ জন কিশোর কেউ তথ্য দিয়ে আবার কেউ অভিযানে যুক্ত থেকে সহায়তা করে।

সম্প্রতি গভীর রাতে বাড়ি যাওয়ার পথে দেশীয় অস্ত্র ঠেকিয়ে শ্যামপুর চামাবাজারের বিকাশ ব্যবসায়ী সেতাউর থেকে টাকা ছিনিয়ে নেয়া এবং বারোসা মাদরাসা মাঠের সামনে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ীর মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটে। এসব কাণ্ড রিপন ও তার গ্যাং ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সবশেষ গত ৭ আগস্ট গভীর রাতে বিকাশ ও ফ্লেক্সিলোড দোকানি রাজু বাড়ি ফেরার পথে রিপন ও তার দল তার চোখ বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।  

এ ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। গত ৮ আগস্ট কিশোর গ্যাং সদস্য সিজুকে শনাক্ত এবং গ্রেফতার করে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদের পর মূলহোতা রিপনসহ ঐ গ্যাংয়ের অন্যান্য সদস্যদের নাম উঠে আসে। পরে পুলিশকে নিয়ে র‌্যাব ১০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিপনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন বলেন, র‌্যাব ও পুলিশের অভিযান শেষে রিপনকে দায়েরকৃত মামলার আসামি দেখিয়ে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!