মা-ছেলের ওপর এসিড নিক্ষেপ, তিনজনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের নক্কু খান, উজ্জ্বল খান ও সোহাগ মিয়া। এর মধ্যে সোহাগ ও উজ্জ্বল পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের জহির খান প্রায়ই তার স্ত্রী সুমা বেগমকে নির্যাতন করতেন। এ ঘটনায় আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন সুমা। পরে আদালত জহির খানকে কারাগারে পাঠান।
.png)
এরই জেরে জহির খানের বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় সুমা বেগমের ঘরে ঢুকে সুমা বেগম ও তার ছেলে আকাশ খানকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এতে তারা দু’জনই দগ্ধ হন। এ ঘটনায় সুমা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর তিনজনকে ৮ বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।
এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম জানান, এসিড নিক্ষেপের মত ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।