প্রাচীর দেওয়া নিয়ে একজনকে কুপিয়ে হত্যা
যশোরের ঝিকরগাছায় প্রাচীর দেওয়া নিয়ে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট্ট কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছে আরো দু’জন।
নিহত কামরুজ্জামান ছোট্ট কোদালিয়া গ্রামের নুরুল হক সরদারের ছেলে। আহতরা হলেন- একই এলাকার রুহুল আমীন সরদারের স্ত্রী আনোয়ার বেগম ও তাদের ছেলে আতাউর রহমান সরদার। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আহত আতাউর রহমানের স্ত্রী শান্তা রহমান বলেন, দীর্ঘদিন ধরে ছোট্ট কোদালিয়া গ্রামের প্রতিবেশী উসমান আলী ও হোসেন আলীদের সঙ্গে দ্বন্দ্ব ছিল নিহত কামরুজ্জামানের সঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে কামরুজ্জামানের জমির ওপর দিয়ে সীমানা প্রাচীর দিচ্ছিলেন উসমান আলীরা। তাদের জমির ওপর দিয়ে সীমানা প্রাচীর দিতে কামরুজ্জামান বাধা দিলে উসমান আলীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
.png)
একপর্যায়ে উসমান আলী ও হোসেন আলী বাড়ি থেকে হাঁসুয়া ও দা নিয়ে এসে কামরুজ্জামানের ওপর এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাকে বাঁচাতে আমার স্বামী আতাউর ও শ্বাশুড়ি আনোয়ার এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কোপান। তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসাপাতালে আনলে চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়। বাকি দু’জনকে চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানো হয়েছে। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, জমি সংক্রান্ত জেরে চাচাতো ভাইদের মধ্যে হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।