ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২৩
অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে নান্নু ভুঁইয়া নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ সেরাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নান্নু ভূঁইয়া ঐ সেরাল গ্রামের সেকেন্দার ভুঁইয়ার ছেলে। পরে এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ সেরাল গ্রামের সিরাজ মৃধা তার রোপণকৃত বোরো ধান ক্ষেতের ইঁদুর মারার জন্য রোববার রাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেন। রোববার রাতে ঐ ক্ষেতের পাশে মাছ ধরতে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে নান্নু ভুঁইয়ার মৃত্যু হয়। পরে সোমবার সকালে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

এদিকে অবৈধভাবে সংযোগ দেওয়ার কারণে সিরাজ মৃধার বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ অফিস। পাশাপাশি এ ঘটনায় আগৈলঝাড়া জোনাল অফিসের এজিএম সম্রাটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা করা হয়েছে। নান্নুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!