স্পেনে ট্রেনে কাটা পড়ে অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। বার্সেলোনা থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে মন্টমেলোতে রোববার এই দুর্ঘটনা ঘটে।
কাতালোনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের জরুরি পরিষেবা জানায়, সাত জনের একটি দল রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে মৃত্যু হয় আরেকজনের। আহত তিন জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্প্যানিশ মিডিয়া বলেছে, দলটি একটি গানের উৎসব থেকে ফিরছিল। তারা একটি নিষিদ্ধ রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন।
ঘটনাস্থলে ৯টি অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার পাঠিয়েছে জরুরি পরিষেবা। কমিউটার ট্রেনে থাকা প্রায় ১৭০ জন যাত্রীর সবাই অক্ষত আছেন।
সূত্র: রয়টার্স